প্রিয় পে বোর্ড পরিচালক হলেন শেহজাদ মুনিম

১ অক্টোবর, ২০২৪ ১০:১৩  

বাংলাদেশের ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম প্রিয় পে পরিচালনা পর্ষদের সদস্য হলেন ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং ব্রিটিশ বিজনেস গ্রুপের কোষাধ্যক্ষ শেহজাদ মুনিম। মঙ্গলবার (১ অক্টোবর) তার নিয়োগের বিষয় নিশ্চিত করেছেন প্রিয় ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা সিইও জাকারিয়া স্বপন।

"বোর্ডে শেহজাদ মুনিম থাকাকে প্রিয় পে-এর জন্য মাইলফলক" মন্তব্য করে তিনি বলেন, তার দৃঢ় নেতৃত্ব, অভিজ্ঞতা এবং কৌশলগত পদক্ষেপ প্রিয় পে’র উদ্ভাবনী আর্থিক লেনদেন সমাধান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অপরদিকে শেহজাদ মুনিম বলেন, কোম্পানির গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি প্রিয় পে-তে প্রতিভাবান দলের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ক্রস বর্ডার আর্থিক লেনদেনে বিশ্ব নেতৃত্বে আসতে চাই।